রাজধানীতে আকস্মিক ঝটিকা মিছিল আয়োজন ও এসব কার্যক্রমে অর্থায়নের অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির সহযোগী সংগঠনের আরও ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার এই তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ করে ছোট ছোট গোষ্ঠীর মাধ্যমে ঝটিকা মিছিল আয়োজনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব কার্যক্রমের মাধ্যমে রাজধানীতে অস্থিতিশীলতা তৈরি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত করার চেষ্টা করা হচ্ছিল বলে গোয়েন্দা সংস্থার ধারনা। অভিযোগের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালায় ডিবি। এসব অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মোট ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা শুধু ঝটিকা মিছিল সংগঠিত করাই নয়, এসব কার্যক্রমে আর্থিক সহায়তাও দিয়ে আসছিলেন। সংগঠনের নিষেধাজ্ঞা জারি হওয়ার পরও তারা সাংগঠনিকভাবে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন এলাকায় গোপনে মিছিল-মিটিংয়ের চেষ্টা চালাচ্ছিলেন।
ডিবি বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের ব্যাপারে বিস্তারিত যাচাই-বাছাই চলছে। কারা পরিকল্পনাকারী, কারা অর্থদাতা এবং কারা মাঠপর্যায়ে এসব কর্মকাণ্ডে জড়িত—এসব বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজন হলে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান গোয়েন্দা কর্মকর্তারা।
অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সম্প্রতি রাজধানীতে আকস্মিক মিছিল-সমাবেশের মাধ্যমে উত্তেজনা সৃষ্টি এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হতে পারে—এমন আশঙ্কায় গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। পুলিশ মনে করছে, এসব তৎপরতা সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে এবং এর পেছনে একটি সংগঠিত চক্র কাজ করছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রবিউল ইসলাম 













