সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি বলেন, বেগম জিয়াকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তা তিনি গ্রহণ করতে পারছেন এবং চিকিৎসকরাসহ সবাই অত্যন্ত আশাবাদী যে তিনি সুস্থ হয়ে উঠবেন।
ডা. জাহিদ হোসেন আরও জানান, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকরা প্রতিদিন বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করছেন। এছাড়া, ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক তদারকি করছেন এবং তার ছোট ভাই-বোনও নিয়মিত খোঁজ নিচ্ছেন। যেহেতু তিনি সিসিইউতে আছেন, তাই পাশে থাকা সম্ভব হচ্ছে না। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
চলতি বছরের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে অংশ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সেদিন তিনি স্বেচ্ছায় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং বেশ হাস্যোজ্জ্বল ছিলেন। তবে একদিন পর শ্বাসকষ্টের জটিলতা প্রকট হওয়ায় তার স্বাস্থ্যের অবনতি ঘটে। ২৩ নভেম্বর তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সংক্রমণ ছড়িয়ে পড়ে হার্ট ও ফুসফুসে। পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
বর্তমানে দেশি-বিদেশি ডাক্তারদের সমন্বয়ে গঠিত বিশেষায়িত মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলমান রয়েছে।
মো. লিমন 







