কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে এক নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম ফাহিমা আক্তার। বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত আলীশান নামের ওই আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হোটেল কর্তৃপক্ষের ডায়েরি সূত্রে জানা গেছে, ফাহিমা আক্তারের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে। তিনি আরিফ হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে গত ২ ডিসেম্বর ভ্রমণের উদ্দেশ্যে হোটেল আলীশানের ১০৫ নম্বর কক্ষে ওঠেন। দীর্ঘদিন সেখানে অবস্থানের পর বুধবার রাতে তার মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কক্ষের ভেতর ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
মো. লিমন 







