বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা আপত্তি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে শফিকুল আলম লেখেন, তারেক রহমানের বক্তব্য—এখনই দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাঁর জন্য অবারিত নয়—উল্লেখ করে জানতে চাওয়া হয়, তাঁর বাংলাদেশে ফেরার ব্যাপারে সরকারের কোনো বাধা আছে কি না। জবাবে প্রেস সচিব জানান, “সরকারের তরফ থেকে এ বিষয়ে কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই।”
তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে যুক্তরাজ্য থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে মায়ের অসুস্থতা ও দেশে ফেরার প্রসঙ্গে মন্তব্য করেন তারেক রহমান। তিনি লিখেন, সংকটময় এই সময়ে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তাঁরও রয়েছে। তবে বাস্তবতার জটিলতার কারণে দেশে ফেরা বিষয়টি তাঁর একক সিদ্ধান্তের আওতায় নেই। রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলে তাঁর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
জাতীয় অপরাধ প্রতিরোধ প্রতিবেদন 








