বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণেই তিনি চিকিৎসা নিচ্ছেন বলে সোমবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টায় সাংবাদিকদের জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, বিভিন্ন গণমাধ্যমে খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে গুরুতর বলে যে খবর প্রকাশিত হয়েছে, তার বেশিরভাগই সঠিক নয়। তিনি বলেন, “খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল—এ নিয়ে কারও বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই।”
তিনি দেশবাসী ও দলের নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।
এদিকে বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গণমাধ্যমে যে কোনো আপডেট প্রকাশের ক্ষেত্রে দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্র ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে নয়াপল্টনে আয়োজিত এক দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার চিকিৎসা এভারকেয়ার হাসপাতালে চলমান রয়েছে এবং তাঁর চিকিৎসা আগের মতোই চলছে। তিনি সবাইকে দোয়া করার আহ্বান জানান।
অন্যদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য সময়মতো গণমাধ্যমকে জানানো হবে।
জাতীয় অপরাধ প্রতিরোধ রিপোর্ট 








