দেশে শীতের মৌসুমে তীব্র ঠাণ্ডা মোকাবিলা করতে হবে, এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহ আছড়ে পড়তে পারে, যার ফলে তাপমাত্রা নামতে পারে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে তিন থেকে আটটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এসব শৈত্যপ্রবাহে তাপমাত্রা সাধারণত ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে কয়েকটি শৈত্যপ্রবাহ বিশেষভাবে তীব্র হতে পারে, যেখানে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
শীতের প্রকোপ আরও বাড়াতে পারে নদ-নদীর অববাহিকা ও আশপাশের এলাকায় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা। দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশাও দেখা দিতে পারে, যা দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রার পার্থক্য কমিয়ে শীতের অনুভূতিকে আরও প্রবল করবে।
এছাড়া, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দেশের কোথাও কোথাও এক বা দুই দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জাতীয় অপরাধ প্রতিরোধ রিপোর্ট 








