সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন।
এ ঘটনার পর নতুন করে উদ্বেগজনক অভিযোগ তুলেছেন ইনকিলাব মঞ্চের কর্মী ও ডাকসু সদস্য ফাতিমা তাসনিম জুমা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ওসমান হাদিকে হত্যার চেষ্টায় জড়িতদের সহযোগীরা চিকিৎসাধীন অবস্থাতেই হাসপাতালে পর্যন্ত পৌঁছেছিল।
ঘটনার প্রায় দুই দিন পেরিয়ে গেলেও এখনো মূল হামলাকারীকে গ্রেপ্তার না করতে পারায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। জুমার ভাষ্য অনুযায়ী, যাকে আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে, তার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে থাকার পরও তাকে আটক করা না হওয়াকে বিশ্বাসযোগ্য মনে করছেন না তিনি।
তার দাবি, হামলাকারী এখনো দেশ ছাড়েনি। বরং আসামি পালিয়ে গেছে—এমন ধারণা তৈরি করে দায় এড়ানো বা তাকে পালাতে সহায়তা করার পরিকল্পনা থাকতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। জুমা আরও বলেন, এই হত্যাচেষ্টা কোনো একক ব্যক্তির কাজ নয়; এটি একটি সংগঠিত চক্রের অংশ, যা এখনো সক্রিয় রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ওই চক্রের সদস্যরাই হাসপাতালে উপস্থিত হয়েছিল বলে তাদের কাছে তথ্য রয়েছে।
পোস্টের শেষাংশে তিনি ওসমান হাদিসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা জোরদারের দাবি জানান। একই সঙ্গে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত পুরো চক্রকে জীবিত অবস্থায় গ্রেপ্তারের আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে, তবে নিরাপত্তা নিশ্চিত না হলে সেই ধৈর্য ধরে রাখা কঠিন হয়ে পড়বে।
জাতীয় অপরাধ প্রতিরোধ রিপোর্ট 







