জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমণ্ডি থানার যুগ্ম সমন্বয়কারী জান্নাত আরা রুমির রহস্যজনক মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দেওয়া এক বিবৃতিতে দলটি এই মৃত্যুর জন্য আওয়ামী সন্ত্রাসীদের নৈতিক ও রাজনৈতিক দায়ের কথা তুলে ধরে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, জান্নাত আরা রুমিকে দীর্ঘদিন ধরে আওয়ামী সন্ত্রাসীদের পক্ষ থেকে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল। এসব হুমকির পর রহস্যজনকভাবে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ফ্যাসিবাদবিরোধী একজন সাহসী নারী রাজনৈতিক কর্মীর এমন মৃত্যুতে এনসিপি গভীর শোক প্রকাশ করেছে।
এনসিপির বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মৃত্যুর আগে দীর্ঘ সময় ধরে জান্নাত আরা রুমি আওয়ামী সন্ত্রাসীদের পরিচালিত সংঘবদ্ধ সাইবার বুলিং, প্রকাশ্য প্রাণনাশের হুমকি এবং মানসিক নির্যাতনের শিকার ছিলেন। হুমকিদাতাদের নাম, মোবাইল নম্বর ও সংশ্লিষ্ট প্রমাণাদি এক মাস আগে, গত ১৩ নভেম্বর, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হলেও রহস্যজনকভাবে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।
দলটির দাবি, লাগাতার হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও সহিংস মানসিক চাপই জান্নাত আরা রুমির মৃত্যুর পেছনে প্রধান ভূমিকা রেখেছে। একজন রাজনৈতিক কর্মীকে পরিকল্পিতভাবে আতঙ্কিত করা, একঘরে করে ফেলা এবং মানসিকভাবে বিপর্যস্ত করে তোলার এই কৌশল আওয়ামী সন্ত্রাসী রাজনীতির ধারাবাহিক বহিঃপ্রকাশ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
জাতীয় নাগরিক পার্টি এই মৃত্যুর ঘটনায় অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, দায়ী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, জান্নাত আরা রুমির মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয়; এটি মতপ্রকাশের স্বাধীনতা ও বিরোধী রাজনীতির ওপর আওয়ামী সন্ত্রাসের আরেকটি নির্মম অধ্যায়।
বিবৃতির শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বলা হয়, আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও সহযোদ্ধাদের এই শোক সহ্য করার শক্তি দান করেন।
জাতীয় অপরাধ প্রতিরোধ রিপোর্ট 







