নির্বাচন কমিশন (ইসি) প্রতীক তালিকায় নতুনভাবে যুক্ত করেছে ‘শাপলা কলি’। এই প্রতীক তালিকার ১০২ নম্বরে স্থান পায়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘কোনো দলের বিবেচনায় নয়, প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় কমিশন ‘শাপলা কলি’ যুক্ত করেছে।’ আগের ১৬ প্রতীক বাদ দিয়ে নতুন করে ১১৯টি প্রতীক রাখা হয়েছে।
তিনি জানান, ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো প্রস্তুত করা হবে। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরি করা হচ্ছে, যাতে স্কুল-কলেজ ও সরকারি ব্যাংকের কর্মীরাও দায়িত্ব পালন করবে। ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজারের বেশি হবে।
দূর্গম এলাকায় সরঞ্জাম পৌঁছানোর জন্য হেলিকপ্টার সার্ভিস ব্যবহার করা হবে এবং হেলিপ্যাড চিহ্নিত করার দায়িত্ব উপজেলা প্রশাসনের। নির্বাচনি প্রচারণায় তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন, বেতার, সংসদ টিভি ও বিটিভি নিউজ দায়িত্ব পালন করবে।
ঋণখেলাপিদের সঠিক তথ্য প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন এবং মাঠ প্রশাসনকে তফশিল শুরু থেকেই নির্বাচনি আচরণ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মোঃ বেলাল হোসেন সুজন 












