রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার (৮ নভেম্বর) জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা দলের প্রতি তাদের সমর্থন ও অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা ভার্চুয়ালি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এই অঙ্গীকার দেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিমের বাবা শফি আলম, শহীদ মাহমুদুর রহমানের বোন ও জুলাই ঘোষণাপত্র পাঠকারী সাবরিনা আফরোজ সেবন্তী, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান, শহীদ ফয়সাল আহমেদ শান্তর বাবা মো. জাকির হোসেন এবং জুলাই গণআন্দোলনে আহত ফারহান জামিল।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং শহীদ মীর মুগ্ধের ছোট ভাই ও সদ্য বিএনপিতে যোগদানকারী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ উপস্থিত ছিলেন।
শহীদ পরিবারের সদস্যরা বলেন, চব্বিশের আন্দোলনে আমাদের স্বজনেরা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন। তাদের স্বপ্ন বাস্তবায়নে বিএনপির পাশে থেকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।
প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে এসেছে, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সক্রিয় সমর্থন বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে এবং আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে তারা।
মো. লিমন 










