জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামীকাল সোমবার রায় ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে মাঠে অবস্থানের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দল।
রবিবার দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘এই ফ্যাসিবাদের বিরুদ্ধে চলমান আন্দোলনে কোনো ধরনের নাশকতার সুযোগ দেওয়া হবে না। আগেও দিইনি, এবারও দেব না। আট দলের নেতা-কর্মীরা সার্বক্ষণিক মাঠে থাকবে।’
১৩ নভেম্বর ঘোষিত হতে যাওয়া এ মামলার তিন আসামি হলেন—
-
শেখ হাসিনা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী
-
আসাদুজ্জামান খান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
-
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পুলিশের সাবেক আইজিপি
এর মধ্যে সাবেক আইজিপি আল-মামুন নিজ দোষ স্বীকার করে ইতোমধ্যে ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হিসেবে জবানবন্দি দিয়েছেন।
বিএনপি আনুষ্ঠানিকভাবে মাঠে থাকার ঘোষণা না দিলেও দলটির একটি সূত্র জানিয়েছে—রায়ের দিনে নির্বাচনী প্রার্থীরা বাড়তি গণসংযোগ করবেন এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা থাকবেন সতর্ক অবস্থানে।
আওয়ামী লীগের অনলাইন ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণার পর রাজধানীতে টুকটাক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনার পর থেকেই বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে নাশকতা প্রতিরোধে সক্রিয় ছিল বিএনপি, জামায়াত, আট দল ও এনসিপির নেতাকর্মীরা।
মো. লিমন 










