কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ব্যবহার করে চোখের পলকে স্বল্পদৈর্ঘ্যের ভিডিও তৈরি করা যাবে। শুধু টেক্সট কমান্ড বা ছবি দিয়েই তৈরি করা সম্ভব হবে এমন শর্ট ভিডিও, যা করে দেবে ওপেনএআই-এর তৈরি নতুন সোরা টুলস।
চ্যাটজিপিটির নির্মাতা সংস্থা যুক্তরাষ্ট্রের ওপেনএআই তৈরি করেছে এই এআই-চালিত শর্ট ভিডিও জেনারেশন অ্যাপ। চলতি বছরের সেপ্টেম্বরেই সোরা-টু মডেল উন্মোচন করা হয়েছিল। তবে আইফোন ব্যবহারকারীরা এখনো এই অ্যাপের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। সুখবর হলো, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও এখন থেকে এই পরিষেবা গ্রহণ করতে পারবেন।
সোরা অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই স্বল্পদৈর্ঘ্যের ভিডিও তৈরি করতে পারবেন। শব্দ বা ছবির নির্দেশনার মাধ্যমে তৈরি করা যাবে ৬০ সেকেন্ডের ভিডিও। চ্যাটজিপিটি প্লাস গ্রাহকরা ৬০ সেকেন্ডের বেশি সময়ের ভিডিও তৈরির সুবিধাও পাবেন, যার ফলে ভিডিও প্রসেসিং সময়ও কম লাগবে।
প্রথম ধাপে, কানাডা, যুক্তরাষ্ট্র, জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। তবে বিশ্বের সব দেশের অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এখনো ব্যবহার করতে পারবেন না।
অ্যাপটি ইতিমধ্যে আইফোনে যুক্ত হওয়ার মাত্র পাঁচ দিনে ১০ লাখ ডাউনলোড অর্জন করেছে। এছাড়া অ্যাপল স্টোরের তালিকায় এই অ্যাপ পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে। সোরা অ্যাপের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় শর্ট ভিডিও তৈরি এখন আগের তুলনায় অনেক সহজ ও দ্রুত হয়ে গেছে।
তথ্যপ্রযুক্তি ডেস্ক 














