বাংলাদেশ ব্যাংক রোববার (২৩ নভেম্বর) থেকে সব ধরনের সরাসরি গ্রাহকসেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া-ফাটা নোট বিনিময় এবং অটোমেটেড চালানসহ সব ধরনের কাউন্টার সেবা। এই সিদ্ধান্ত অনুসারে মতিঝিলসহ দেশের সব অফিস থেকে একযোগে এসব সেবা সরাসরি বন্ধ করা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বিশ্বের কোথাও কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে এ ধরনের সেবা দেয়া হয় না। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয় বিবেচনায় রেখে গ্রাহক সংশ্লিষ্ট সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে সেবা দিতে পারে, তা নিশ্চিত করতে তদারকি বাড়ানো হবে। গ্রাহকরা সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টারে না এসে বাণিজ্যিক ব্যাংক ও অনুমোদিত মাধ্যমের মাধ্যমে সেবা পাবেন।
প্রসঙ্গত, প্রথমে ৩০ নভেম্বর থেকে মাত্র মতিঝিল অফিস থেকে এসব সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরে সময় এগিয়ে এনে সব অফিসে একযোগে সরাসরি গ্রাহকসেবা বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। এর আগে রাজধানীর মতিঝিল ছাড়াও সদরঘাট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, রাজশাহী ও সিলেট অফিস থেকে গ্রাহক-সংশ্লিষ্ট এসব সেবা সরাসরি দেয়া হতো।
কেন্দ্রীয় ব্যাংক মনে করিয়ে দিয়েছে, নিরাপত্তার কারণে এই পরিবর্তন আনা হচ্ছে, এবং সাধারণ গ্রাহকরা ব্যাংক ও অন্যান্য অনুমোদিত মাধ্যমে প্রয়োজনীয় লেনদেন করতে পারবেন।
মোঃ বেলাল হোসেন সুজন 








