যশোরে জন্মের পর থেকেই অতি ফর্সা রঙের কারণে বাবা মোজাফফর হোসেনের পক্ষ থেকে অস্বীকৃত শিশু আফিয়ার পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আফিয়ার জন্য তার দেওয়া বিশেষ উপহারের ফলে নতুন ঘরের নির্মাণ কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতারা।
স্থানীয় নেতারা জানান, তারেক রহমান আফিয়ার দুর্দশার খবর জানতে পেরে তাকে একটি স্থায়ী আশ্রয় দেওয়ার জন্য নির্দেশনা দেন। সেই নির্দেশনা অনুযায়ী আজ থেকে ঘরের নির্মাণকাজ শুরু হয়েছে। নতুন ঘরে একটি শয়নকক্ষ, একটি রান্নাঘর এবং একটি বাথরুম থাকবে, যা আফিয়াকে নিরাপদ ও স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করবে।
আফিয়ার মা মনিরা খাতুন বলেন, “মেয়ের থাকার স্থান ছিল না। গণমাধ্যমে আমাদের দুর্দশার খবর প্রকাশিত হওয়ার পর অমিত ভাই এসে প্রতিশ্রুতি দিয়েছেন এবং ঘরের ব্যবস্থা শুরু করেছেন। আমি খুব খুশি, এখন আমরা নিরাপদভাবে থাকতে পারব।”
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন জানান, জমিসংক্রান্ত কিছু জটিলতার কারণে কাজ শুরু হতে দেরি হয়েছিল, তবে আজ থেকে ঘরের কাজ শুরু হয়েছে। এছাড়া আফিয়ার লেখাপড়ার দায়িত্বও তারেক রহমানের নির্দেশনায় নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, যশোরের তিন বছরের শিশু আফিয়া—সাদা-চন্দনের মতো অতি ফর্সা রঙের জন্য জন্মের পর থেকেই বাবা মোজাফফর হোসেন তাকে গ্রহণ করেননি। ২০২০ সালে আফিয়ার মাতা মনিরা খাতুনের সঙ্গে মোজাফফর হোসেনের পারিবারিক বিয়ে হয়। ২০২২ সালের ১৩ নভেম্বর জন্ম নেন আফিয়া। জন্মের পরই বাবা সন্তানকে অস্বীকার করেন, পরে স্ত্রী-সন্তানকে ফেলে বাড়ি ছেড়ে যান এবং বিদেশে চলে যান। পরবর্তীতে তালাক দেন, প্রতিমাসে নগদ সহায়তার প্রতিশ্রুতিও কখনও পূরণ হয়নি।
জাতীয় অপরাধ প্রতিরোধ রিপোর্ট 








