ঢাকা শহরে বাড়িভাড়া নিয়ন্ত্রণ ও সেবার মান নির্ধারণের দায়িত্ব নিলো ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলেও অনেক বাড়িওয়ালা তা মানছেন না। এজন্য ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের জন্য একটি নির্দেশিকা তৈরি করা হবে, যা ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে কার্যকর হবে।
ডিএনসিসি প্রশাসক বলেন, নতুন নির্দেশিকায় বাড়ির সেবা অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হবে। পাশাপাশি ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কিত নিয়মাবলী ও এগ্রিমেন্টের ফরমেট ডিএনসিসির ওয়েবসাইটে রাখা হবে। রেসিডেন্সিয়াল এলাকায় কমার্শিয়াল কার্যক্রম বন্ধ রাখার বিষয়েও সিটি করপোরেশন কাজ করবে।
নির্দেশিকায় মূল বিষয়গুলো হলো:
-
ভাড়াটিয়ারা তাদের বাসায় ইচ্ছামত প্রবেশ ও প্রস্থান করতে পারবেন।
-
বাসায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ভূমিকম্পসহ সকল নিরাপত্তা কম্প্লায়েন্স বজায় রাখতে হবে।
-
হোল্ডিং ট্যাক্স ঠিকমতো না দিলে ডিএনসিসি কোনো সেবা প্রদান করবে না।
এছাড়া, এলাকাভিত্তিকভাবে কোন এলাকায় সর্বাধিক ভাড়া কত হতে পারে, তার একটি রেটকার্ডও প্রকাশ করা হবে। অনেক বাড়ির মালিক ভাড়াটিয়াদের কাছ থেকে যে হারে ভাড়া নেন, সে অনুযায়ী হোল্ডিং ট্যাক্স প্রদান করছেন না। তাই হোল্ডিং ট্যাক্সের তথ্য ভাড়াটিয়াদের জানানো হবে সিটি করপোরেশনের মাধ্যমে।
প্রশাসক মোহাম্মদ এজাজের এই উদ্যোগ ঢাকার বাড়িভাড়া বাজারে স্বচ্ছতা এবং আইনগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
রবিউল ইসলাম 








