ডিসেম্বরে এলপিজির দাম বাড়বে নাকি কমবে—এই সিদ্ধান্ত জানা যাবে মঙ্গলবার (২ ডিসেম্বর)। ওই দিন ডিসেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সোমবার (১ ডিসেম্বর) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি আরামকো ঘোষিত ডিসেম্বরের সৌদি সিপি মূল্যের ওপর ভিত্তি করে এ মাসে ভোক্তাপর্যায়ের বেসরকারি এলপিজির দাম সমন্বয় করা হবে। এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা মঙ্গলবার দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনের কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম জানানো হবে। একই সঙ্গে কমিশনের ওয়েবসাইটেও মূল্য সংক্রান্ত আদেশ প্রকাশ করা হবে।
এলপিজির সর্বশেষ মূল্য সমন্বয় করা হয়েছিল গত ২ নভেম্বর। তখন ১২ কেজির সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়। একই দিনে অটোগ্যাসের দামও প্রতি লিটারে ১ টাকা ১৯ পয়সা কমানো হয়। বর্তমানে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৫ টাকা ৫৮ পয়সা।
মোঃ বেলাল হোসেন সুজন 








