বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্র ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে। সোমবার (১ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির নির্দেশে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী এই আদেশে সাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ২(ক) ধারার আওতায় খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
খালেদা জিয়া বয়সজনিত কারণে নানা স্বাস্থ্য জটিলতার মুখোমুখি রয়েছেন। কয়েক দিন ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বিশেষ নিরাপত্তা বৃদ্ধির এ সিদ্ধান্ত স্বাস্থ্য ও বয়সজনিত ঝুঁকি মোকাবিলায় নেওয়া হয়েছে।
বিএনপি নেতারা জানিয়েছেন, খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তার চিকিৎসা সুরক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সহজলভ্য রাখাও সরকারের দায়িত্ব। এ সংক্রান্ত প্রজ্ঞাপন ঘোষণার পর নিরাপত্তা সংস্থা তার হসপিটাল কক্ষে পর্যবেক্ষণ বাড়িয়েছে।
প্রসঙ্গত, এ ধরনের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা মূলত রাষ্ট্রের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রদান করা হয়। খালেদা জিয়ার ক্ষেত্রে তার দীর্ঘ রাজনৈতিক ভূমিকা, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব এবং চলমান স্বাস্থ্য ঝুঁকিকে কেন্দ্র করে এই মর্যাদা দেওয়া হয়েছে।
মো. লিমন 








