নরসিংদীর পলাশে যুবলীগ নেতা দেলোয়ার হোসেন ওরফে দেলুর বাড়িসহ ৮.৫ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আদালতের নির্দেশে এ সম্পদ জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
দেলোয়ার হোসেন পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামের বাসিন্দা এবং ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, জমি দখলসহ প্রায় অর্ধশত মামলা রয়েছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের সহকারী পরিচালক মো. এনামুল হক নেতৃত্ব দেন সম্পদ জব্দ অভিযানে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আদালত দেলোয়ারের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ জব্দের জন্য ক্রোকের আদেশ দেন এবং রিসিভার নিয়োগ করেন। জব্দকৃত সম্পদের রক্ষণাবেক্ষণ দায়িত্ব দেওয়া হয় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বক্কর সিদ্দিকীর।
অভিযানে উপস্থিত ছিলেন দুদকের কর্মকর্তারা, ইউএনও, ডাঙ্গা ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা শিউলি রানী ধর এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলদর দাস। ইউএনও আবু বক্কর সিদ্দিকী জানান, আদালতের নির্দেশ অনুযায়ী ভবনে সাইনবোর্ড টাঙানো হয়েছে এবং সেখানে বসবাসরতদের অন্যত্র সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাড়িটি এখন ইউএনও ও দুদকের পর্যবেক্ষণে থাকবে।
এই অভিযান নরসিংদীতে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ চিহ্নিত ও বাজেয়াপ্ত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
জেলা প্রতিনিধি, নরসিংদী 








