হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো টার্মিনাল থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ। ফ্রান্সে পাঠানোর জন্য প্রেরিত একটি চালানের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা হয়েছিল মাদকগুলো।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে, হ্যাঙ্গার গেট–৮ এ নিয়মিত স্ক্রিনিংয়ের সময় এভসেক সদস্যরা ইয়াবাগুলো শনাক্ত করেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ উদ্ধার অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডাক বিভাগের মাধ্যমে প্যারিসগামী রপ্তানি কার্গো হিসেবে বুকিং দেওয়া পার্সেলের ভেতরে মাদকগুলো লুকানো ছিল। দায়িত্বশীল স্ক্রিনিংয়ের ফলে বিষয়টি ধরা পড়ে।
ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হলে কর্তৃপক্ষ এসে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
বেবিচক জানায়, স্ক্রিনারদের সতর্কতা ও দক্ষতার কারণে এই চোরাচালানচেষ্টা ব্যর্থ হয়েছে, যা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করেছে।
জাতীয় অপরাধ প্রতিরোধ প্রতিবেদন 








