মেডিকেল বোর্ডের সুপারিশ অনুসারে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই তার জন্য বিশেষভাবে প্রস্তুত করা এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার লন্ডন সফরের সঙ্গী তালিকা প্রকাশ করা হয়। তালিকায় মোট ১৪ জনের নাম রয়েছে।
তালিকা অনুযায়ী, খালেদা জিয়ার সঙ্গে ছয়জন চিকিৎসক লন্ডনে যাচ্ছেন। তারা হলেন ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নূরউদ্দিন আহমদ, ডা. জাফর ইকবাল এবং ডা. মোহাম্মদ আল মামুন।
পরিবারের সদস্য হিসেবে সফরে থাকবেন তার পুত্রবধূ সায়দা শামীলা রহমান। দলের অন্যান্য সঙ্গী হিসেবে থাকছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ডা. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আব্দুল হাই মল্লিক এবং চেয়ারপারসনের সহকারী ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমান।
নিরাপত্তার দায়িত্বে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর সদস্য হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ সফরসঙ্গী থাকবেন। এছাড়া ব্যক্তিগত সহকারী ও গৃহপরিচারিকারা ফাতেমা বেগম ও রূপা শিকদারও লন্ডন সফরে যাচ্ছেন।
ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়াকে বৃহস্পতিবার মধ্যরাতে বা শুক্রবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হবে।
জাতীয় অপরাধ প্রতিরোধ প্রতিবেদন 








