আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুই আসনে বিএনপি একই পরিবারের দুই সহোদরকে প্রার্থী করেছে। প্রথম দফায় টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনে মনোনয়ন দেওয়া হয় দলের সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুকে। পরবর্তী ধাপে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) টাঙ্গাইল-৫ (সদর) আসনে নির্বাচন করার সুযোগ পেলেন তার ছোট ভাই ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন তালিকা প্রকাশ করেন। এই তালিকাতেই সুলতান সালাউদ্দিন টুকুর প্রার্থিতা চূড়ান্ত হয়।
টাঙ্গাইল-৫ আসনে প্রথম দফায় প্রার্থী না থাকায় অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও টুকুর সমর্থকদের মধ্যে যে অপেক্ষা ও দুশ্চিন্তা ছিল, নতুন তালিকায় সেই অনিশ্চয়তার অবসান ঘটেছে।
জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু টাঙ্গাইল-২ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের সরকার গঠনের পর তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। পরে শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন (২০০৩–২০০৬)।
অন্যদিকে ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকুর জন্য এটি প্রথম জাতীয় সংসদ নির্বাচন। ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘ সময় সংগঠনের নেতৃত্ব দেওয়ার পর তিনি বর্তমানে বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকায় বহুবার মামলা, গ্রেফতার ও কারাবরণ করতে হয়েছে তাকে।
টাঙ্গাইলে দুই ভাইয়ের মনোনয়ন পাওয়াকে স্থানীয় বিএনপি নেতারা দলীয় সংগঠনের জন্য “মনোবল সৃষ্টিকারী” ঘটনা বলে মন্তব্য করছেন।
জাতীয় অপরাধ প্রতিরোধ রিপোর্ট 








