রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার সারা দেশে বিশেষ প্রার্থনা ও দোয়া আয়োজন করা হয়। জুমার নামাজের পর রাজধানীসহ বিভিন্ন মসজিদে দলের পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলের নেতা-কর্মী এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
এছাড়া, খালেদা জিয়ার সুস্থতার জন্য মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আহ্বান করা হয়। বৃহস্পতিবারই বিএনপি এ কর্মসূচি ঘোষণা করেছিল।
নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, “আগামীকাল কাতারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছালে রোববার বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে। তবে উনি ফ্লাই করতে পারবেন কি না, তা চিকিৎসকরা সিদ্ধান্ত দেবেন।”
তিনি আরও বলেন, “বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। দীর্ঘদিন কারাগারে থাকার কারণে তার স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসার অভাবে তিনি গুরুতর অসুস্থ।” তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
এদিকে, কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স এখনও দেশে পৌঁছায়নি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, কারিগরি সমস্যার কারণে শুক্রবার এটি ঢাকায় আসেনি। সবকিছু ঠিক থাকলে শনিবার (৬ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছাবে। খালেদা জিয়ার শরীর যদি বিদেশ যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিক্যাল বোর্ড অনুমোদন দেয়, তাহলে রোববার (৭ ডিসেম্বর) তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
জাতীয় অপরাধ প্রতিরোধ রিপোর্ট 








