দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল দল ব্রাজিল এবং আর্জেন্টিনা প্রায়ই মাঠে মুখোমুখি হলেও ফিফা বিশ্বকাপে তাদের সরাসরি দ্বৈরথ দেখা অত্যন্ত বিরল ঘটনা। শেষবার তারা বিশ্বকাপের মঞ্চে লড়েছিল ১৯৯০ সালে। অর্থাৎ প্রায় ৩৬ বছর পর আবারও সম্ভাবনা দেখা দিয়েছে, যে ২০২৬ সালের বিশ্বকাপে তারা একে অপরের বিপক্ষে খেলতে পারে।
তবে এই দ্বৈরথ কবে হবে, তা পুরোপুরি নির্ভর করছে গ্রুপপর্বের ফলাফলের ওপর। দুদলই যদি তাদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়, তাহলে সেমিফাইনালের আগ পর্যন্ত তারা মুখোমুখি হবে না। একইভাবে, দুটো দলই যদি রানার্সআপ হয়, তবুও সেমিফাইনালের আগে তাদের লড়াই হওয়ার সম্ভাবনা নেই।
অন্য একটি পরিস্থিতি হলো, একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন এবং অন্যটি রানার্সআপ হয়ে পরবর্তী রাউন্ডে উঠলে, তবুও ফাইনালের আগে তারা একে অপরের বিপক্ষে খেলার সুযোগ পাবে না। তবে যদি কোনো দল সেরা আট তৃতীয় স্থানের দলের মধ্যে পড়ে নকআউট পর্বে প্রবেশ করে, তাহলে পরিস্থিতি কিছুটা জটিল হয়ে যায়। সেই ক্ষেত্রে ঠিক কোন পর্যায়ে তারা মুখোমুখি হবে, তা এখনই বলা কঠিন।
বিশ্বকাপের নকআউট পর্বের সূচি নির্ধারণ হওয়ার পরই স্পষ্ট হবে, ২০২৬ সালের বিশ্বকাপে ফুটবলপ্রেমীরা ব্রাজিল বনাম আর্জেন্টিনার এই প্রতীক্ষিত দ্বৈরথ কখন প্রত্যক্ষ করতে পারবে।
স্পোর্টস ডেস্ক 








