ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী বর্তমানে নিয়মিত অভিনয় করছেন না। সর্বশেষ তাকে ‘ডেডবডি’ সিনেমায় দেখা গেছে। বর্তমানে তিনি নিজের ব্যবসায়িক কর্মকাণ্ডে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
পরিবারের সবাই দেশের বাইরে থাকলেও ওমর সানী দেশে থেকেই তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি একটি বিরতি নিয়েছেন এবং সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়েন। যাবার আগে তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার (৯ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে বিষয়টি নিশ্চিত করা হয়। নায়ক জানিয়েছেন, সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতের ফ্লাইটে বাংলাদেশ বিমানে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তিনি।
প্রায় দেড় মিনিটের ভিডিওতে ওমর সানী বলেন, “নবীর দেশ, মানবদেহের অক্সিজেনের দেশ সৌদি আরব। সেখানে পুরো টিম নিয়ে ওমরাহ পালনের জন্য যাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ওমরাহ কবুল করেন।”
তিনি আরও যোগ করেন, “বাংলাদেশে যেন খুব শিগগির ফিরে আসতে পারি। আপনারা দোয়া করবেন। রেখে গেলাম বাংলাদেশকে, ফিরে পেতে চাই বাংলাদেশকে। ভালো থাকবেন সবাই।”
বিনোদন ডেস্ক 








