আন্ডার-১৯ এশিয়া কাপে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ভারতের কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী। শুক্রবার তিনি মাত্র ৫৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এবং শেষ পর্যন্ত ৯৫ বলে ১৭১ রান করে থামেন। শক্তি আর আগ্রাসনে ভরপুর তার ব্যাটিংয়ে ছিল ১২টি ছক্কা, যা যুব এশিয়া কাপে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড। এর আগে ২০১৭ সালে আফগানিস্তানের দারউইশ রাসুলি করেছিলেন ১০টি ছক্কা।
ইনিংসের শুরুটা ছিল সাবধানী। ইউএই বোলার আলি আসগারের এক ওভারে টানা পাঁচটি ডট বল খেলেন বৈভব। ওভারের শেষ বলে বাউন্ডারি মারার পরই আক্রমণাত্মক ব্যাটিংয়ের ইঙ্গিত দেন তিনি। চতুর্থ ওভারে শামসকে দুটি ছক্কা ও একটি চার মেরে ম্যাচের গতিপথ পাল্টে দেন। তার দাপুটে ব্যাটিংয়ে ভারতের রান রেট সবসময়ই ছয়ের ওপরে ছিল। অপর প্রান্তে আয়ুশ দ্রুত আউট হলেও বৈভব নিজের ইনিংস দিয়ে চাপ সামলে নেন।
ইনিংস যত এগোচ্ছিল, ততই মনে হচ্ছিল ভারতের যুব ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি ভেঙে ফেলবেন তিনি। ২০০২ সালে অজিঙ্কা রাহানে ১৭৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। বৈভব রাহানের সেই রেকর্ড স্পর্শ করার মাত্র ছয় রান আগেই আউট হন। এরপরও তার ১৭১ রানের ইনিংস যুব ওয়ানডের সেরা ১০ পারফরম্যান্সের তালিকায় জায়গা করে নিয়েছে।
বৈভবের আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচের শুরু থেকেই ভারত শক্ত অবস্থান নেয় এবং তার ইনিংস হয়ে ওঠে পুরো ম্যাচের আকর্ষণ।
স্পোর্টস ডেস্ক 








