ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের পটুয়াখালীর বাউফল উপজেলার বাড়ি বর্তমানে ফাঁকা রয়েছে। পুলিশ জানিয়েছে, তার পরিবারের কেউ সেখানে বসবাস করছেন না।
পুলিশ সূত্রে জানা যায়, ফয়সাল করিম মাসুদের স্থায়ী ঠিকানা বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড, কেশবপুর কলেজ সংলগ্ন এলাকা। বাবার নাম হুমায়ুন কবির। তবে বর্তমানে তিনি ঢাকার আদাবর থানাধীন পিস কালচার হাউজিং সোসাইটিতে থাকছেন। ফয়সালের বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় মামলা রয়েছে।
ফয়সাল করিম মাসুদ রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। সম্প্রতি তিনি আদাবরে একটি স্কুলে প্রবেশ করে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার হন, কিন্তু এক মাসের কম সময়ে জামিনে মুক্তি পান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ফয়সালের পরিবার বহু বছর আগে ঢাকায় চলে গেছে। স্থানীয় এক বাসিন্দা জানান, তারা অন্তত ৫০ বছর আগে এলাকা ছাড়েন। প্রায় ১০–১২ বছর আগে তার বাবা পুরোনো বসতঘরও বিক্রি করেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, স্থায়ী ঠিকানায় খোঁজ নেওয়া হলেও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি পুলিশ নজরদারিতে রেখেছে।
পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বাউফলসহ সংশ্লিষ্ট এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাড়তি নজরদারি রাখা হয়েছে। ফয়সাল মাসুদের উপস্থিতি পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় অপরাধ প্রতিরোধ রিপোর্ট 








