প্রাথমিক শিক্ষকদের বেতন ও ১১তম গ্রেড নিয়ে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, বিষয়টি চূড়ান্তভাবে বেতন কমিশনের মাধ্যমে নির্ধারণ হবে। তিনি বলেন, “আমরা আমাদের অবস্থান কমিশনের কাছে পৌঁছে দিয়েছি। সিদ্ধান্ত গ্রহণে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা হয়েছে। আশা করতে পারি এটি বাস্তবায়িত হবে।”
শনিবার (১৩ ডিসেম্বর) ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কার্যালয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
উপদেষ্টা আরও বলেন, “পরীক্ষা রাখা থাকাকালীন আন্দোলন শুরু হওয়াটা যুক্তিযুক্ত ছিল না। তবে শিক্ষকরা পরে বিষয়টি বুঝে আন্দোলন প্রত্যাহার করেছেন। আন্দোলনের কারণে শিক্ষার্থীরা কিছুটা মন খারাপ করেছে, কিন্তু পরীক্ষা নেওয়ায় তা পূরণ হবে।”
নতুন বই বিতরণের প্রসঙ্গেও তিনি জানান, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রায় সব বই জেলা পর্যায়ে পৌঁছে গেছে। ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া সম্ভব হবে।
শিক্ষক প্রশিক্ষণ ও মানোন্নয়ন নিয়ে তিনি বলেন, “শিক্ষক হওয়ার আগে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) কোর্স চালু করা হয়েছে, যা জানুয়ারি থেকে শুরু হবে। এতে শিক্ষকরা পেশাগতভাবে আরও দক্ষ হবেন এবং শিক্ষার ক্ষেত্রে নিবেদিতপ্রাণ মানুষ তৈরি হবে। অনেক দেশে শিক্ষক হওয়ার আগে লাইসেন্স নিতে হয়। আমাদের দেশেও অদূর ভবিষ্যতে এমন ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।”
অনুষ্ঠানে নেপের মহাপরিচালক ফরিদ আহমদ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।
মো. লিমন 








