ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনাকে জুলাই গণ–অভ্যুত্থানের নেতৃত্বকে লক্ষ্য করে করা একটি পরিকল্পিত হামলা হিসেবে দেখছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, এই হামলার মাধ্যমে দেশকে নেতৃত্বহীন করার ষড়যন্ত্র চলছে।
শহীদ বুদ্ধিজীবী দিবসে রোববার সকালে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসিফ মাহমুদ। এ সময় তিনি বলেন, গত কয়েক দিনে দেশে যে ঘটনাগুলো ঘটেছে, তা উদ্বেগজনক। পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে পরাজয়ের আভাস পেয়ে এ দেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল, ঠিক একইভাবে চব্বিশের পরাজিত ফ্যাসিবাদী শক্তি এখন জুলাই গণ–অভ্যুত্থানের নেতৃত্বকে টার্গেট করে দেশকে নেতৃত্বহীন করতে চাইছে। তারই অংশ হিসেবে ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে। তিনি বর্তমানে জীবন–মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
আসিফ মাহমুদ আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি শুধু ওসমান হাদি নয়, আরও অনেককে হিটলিস্টে রাখা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, একাত্তরে যেমন হানাদার বাহিনীর এবং তাদের এদেশীয় দোসরদের ষড়যন্ত্র সফল হয়নি, ঠিক একইভাবে এবারও পরাজিত ফ্যাসিবাদের দোসরদের কোনো ধরনের ষড়যন্ত্র সফল হবে না।’
জুলাই গণ–অভ্যুত্থানে সক্রিয় ওসমান হাদি ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়ে প্রচার চালানোর সময় গত শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগরে হামলার শিকার হন। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ওসমান হাদির ওপর হামলার জন্য তার সমর্থকেরা গত বছরের গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন এই হামলাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি পৃথক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলার ঘোষণা দিয়েছে।
ওসমান হাদির মতো আসিফ মাহমুদ নিজেও আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি ঢাকা–১০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচিত আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্তের পর গত ১০ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন।
বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে আসিফ মাহমুদ বলেন, যে প্রত্যাশা নিয়ে স্বাধীনতাযুদ্ধ হয়েছিল, ৫৪ বছর পরেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সেই অপূর্ণতার কারণেই ২০২৪ সালে জুলাই গণ–অভ্যুত্থান সংঘটিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
মো. লিমন 








