নিউইয়র্কে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের তৃতীয় ধাপের টিকিট বিক্রির সঙ্গে সাথেই ফিফা তীব্র সমালোচনার মুখে পড়েছে। টুর্নামেন্টের সূচি, আয়োজক শহর এবং গ্রুপ ঘোষণার পর টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের শীর্ষ ক্যাটেগরির টিকিটের দাম বর্তমানে ৯ হাজার মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের বিশ্বকাপের ফাইনালের টিকিটের চেয়ে পাঁচ গুণ বেশি। এ কারণে খেলাপ্রেমীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি টিকিটের বিষয়ে সরাসরি মুখ খুলেছেন। তিনি স্থানীয় বাসিন্দাদের জন্য টিকিটের দাম ‘ন্যায্য’ করার দাবি জানিয়েছেন। কুলিগান্স ইউটিউব চ্যানেলকে দেওয়া বক্তব্যে তিনি টিকিটের ডায়নামিক প্রাইসিং ব্যবস্থার সমালোচনা করেছেন। তিনি আরও বলেছেন, নির্দিষ্ট দামে টিকিট সরবরাহ করা হোক এবং স্থানীয়দের জন্য ছাড় দেওয়া হোক।
মামদানি ২০১৮ সালের রাশিয়া এবং ২০২২ সালের কাতারের বিশ্বকাপের উদাহরণ টেনে বলেন, ‘নিউইয়র্ক দেশের সবচেয়ে ব্যয়বহুল শহর, আর মানুষ বিশ্বকাপকে খুব উদ্দীপনার সঙ্গে দেখছে। তাই আমরা চাই, টিকিটের দাম নির্দিষ্ট হোক এবং স্থানীয়দের জন্য ছাড় থাকবে।’ তিনি আরও যোগ করেন, বিশ্বকাপ চলাকালে তিনি সব ধরনের প্রচেষ্টা করবেন যেন নিউইয়র্কের মানুষ টিকিটের দামজনিত কারণে স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত না হন।
২০২৬ সালের বিশ্বকাপ আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ ১৩ জুন প্যারাগুয়ের সঙ্গে, এবং তাদের গ্রুপে আরও রয়েছে অস্ট্রেলিয়া ও প্লে-অফ থেকে আসা একটি দল।
স্পোর্টস ডেস্ক 








