ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণাকালে রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এরমধ্যে তার চিকিৎসকদের ভারত থেকে ফোন দিয়ে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক শেষে এসব তথ্য জানান বোর্ডের সদস্য ডা. আব্দুল আহাদ। তিনি বলেন, হাদিকে আজ সকালে মেডিকেল বোর্ডের মিটিংয়ের আগেই সিটি স্ক্যান করা হয়েছে। রিপিট সিটি স্ক্যানে মস্তিষ্কে ব্যাপক ইডেমা (পানি জমা) এবং অক্সিজেনের ঘাটতি পাওয়া গেছে, যা ব্রেনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মস্তিষ্কের কিছু অংশে ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণও পাওয়া গেছে। সর্বশেষ সিটি স্ক্যান অনুযায়ী হাদির মস্তিষ্কের পরিস্থিতি খুবই খারাপ।
ডা. আব্দুল আহাদ আরও বলেন, হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসকরা জীবন হুমকির মুখে রয়েছেন। ধারাবাহিকভাবে তাদের ভারত থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। নাম্বার পাবলিক করা হচ্ছে এবং বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়া পরিবার ও বাসার লোকেশনও ট্র্যাক করা হচ্ছে। তিনি সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার দাবি জানান।
চিকিৎসার জন্য হাদিকে বিদেশে পাঠানোর পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন চিকিৎসক। তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি কেস সামারি প্রস্তুত করা হয়েছে, তবে রোগীকে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা আছে কি না, সেটিও বড় প্রশ্ন হিসেবে রয়েছে।
জাতীয় অপরাধ প্রতিরোধ রিপোর্ট 








