উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। আজ (সোমবার) বিকেলে তাকে আদালতে উপস্থিত করার কথা রয়েছে।
এর আগে রোববার রাতের দিকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। ডিবি জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তাকে তাদের কার্যালয়ে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর আনিস আলমগীরের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
সাংবাদিক আনিস আলমগীর টেলিভিশনের বিভিন্ন টকশোতে তার মন্তব্যের জন্য সম্প্রতি আলোচনায় এসেছেন। তিনি দৈনিক “আজকের কাগজ”সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন।
ঘটনার দিন রোববার সন্ধ্যায় ধানমন্ডি ২ নম্বরে অবস্থিত একটি জিম থেকে বের হওয়ার পর আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। জিমের ম্যানেজার আরেফিন সাংবাদিকদের জানিয়েছেন, আনিস আলমগীর রাত ৮টার দিকে ব্যায়াম শেষে জিম থেকে বের হন এবং জিমের ভিতরে কোনো পুলিশের উপস্থিতি দেখেননি।
উল্লেখ্য, সাংবাদিক আনিস আলমগীরসহ অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও আরও দুইজনকে নিয়ে চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগ উত্তরা পশ্চিম থানায় রোববার রাতে দায়ের করা হয়।
জাতীয় অপরাধ প্রতিরোধ রিপোর্ট 








