নতুন বছর শুরুর আগেই মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর দিল সরকার। বৈধ পথে মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুল্ক কমানো হলে বাজারে মোবাইল ফোনের দাম কমবে এবং ক্রেতারা তুলনামূলক কম দামে পছন্দের ফোন কিনতে পারবেন বলে আশা করা হচ্ছে।
সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘পরবর্তী সরকারের আর্থ-সামাজিক অগ্রাধিকারসমূহ’ শীর্ষক এক সেমিনারে এ ঘোষণা দেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। তিনি বলেন, ব্যবসা সহজীকরণ ও অবৈধ আমদানি নিরুৎসাহিত করার লক্ষ্যেই মোবাইল ফোন আমদানিতে শুল্ক হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এনবিআর চেয়ারম্যান জানান, সরকারের রাজস্ব নীতিতে ধীরে ধীরে পরিবর্তন আনা হচ্ছে। আমদানি শুল্কের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে ভ্যাট ও আয়কর আদায়ের দিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মোবাইল ফোনের ক্ষেত্রে বেশি শুল্ক থাকার সুযোগে অবৈধ আমদানি বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। এই পরিস্থিতি মোকাবিলায় বৈধ আমদানিকে উৎসাহিত করতেই শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমানে দেশের ট্যাক্স-জিডিপি অনুপাত তুলনামূলকভাবে কম। রাজস্ব আয় কাঙ্ক্ষিত মাত্রায় না বাড়লে শিক্ষা, স্বাস্থ্যসহ প্রয়োজনীয় খাতে ব্যয় করা কঠিন হয়ে পড়বে। রাজস্ব প্রবৃদ্ধি নিশ্চিত করা না গেলে দেশের অর্থনীতিতেও প্রত্যাশিত গতি ফিরবে না। তবে চলমান আর্থিক চ্যালেঞ্জের মধ্যেও রাজস্ব আদায়ের গতি সন্তোষজনক রয়েছে বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান।
সেমিনারে র্যাপিডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠবে। তার তথ্য অনুযায়ী, গত তিন বছরে দেশে দরিদ্র মানুষের সংখ্যা প্রায় ৯০ লাখ বেড়েছে। একই সময়ে ম্যানুফ্যাকচারিং খাতে নারীদের অংশগ্রহণ অর্ধেকে নেমে এসেছে বলেও তিনি জানান।
সেমিনারে আরও বলা হয়, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যদি এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়, তবে সময় খুব বেশি হাতে থাকবে না। পাশাপাশি রাজস্ব আদায়ের বর্তমান গতি বাড়ানো না গেলে চলতি অর্থবছরে নতুন সরকারের জন্য বড় কোনো উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করাও কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করেন বক্তারা।
বিশেষজ্ঞদের মতে, মোবাইল আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত বাস্তবায়িত হলে একদিকে যেমন অবৈধ আমদানি কমবে, অন্যদিকে সাধারণ ভোক্তার ওপর বাড়তি আর্থিক চাপও হ্রাস পাবে। একই সঙ্গে বৈধ বাজার সম্প্রসারণের মাধ্যমে সরকারও দীর্ঘমেয়াদে রাজস্ব আদায়ে ইতিবাচক ফল পেতে পারে।
মোঃ বেলাল হোসেন সুজন 








