আইপিএল নিলামে নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ দামে দল পেয়েছেন বাংলাদেশের বাঁ–হাতি পেসার মুস্তাফিজুর রহমান। ২ কোটি রুপির ভিত্তিমূল্যে থাকা এই ক্রিকেটারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে বাংলাদেশের কোনো ক্রিকেটারের এটিই এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে দলবদলের রেকর্ড।
নিলামের শুরুতেই নাম ওঠে অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার জ্যাক ফ্রেঞ্জার ম্যাকগার্কের। তবে তাকে দলে নিতে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। নিলামে প্রথম ক্রিকেটার হিসেবে দল পান ডেভিড মিলার। অভিজ্ঞ এই দক্ষিণ আফ্রিকান ব্যাটারকে ২ কোটি রুপিতে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
নিলামের আগেই সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ক্যামেরুন গ্রিন। নিলাম টেবিলে তাকে দলে ভেড়াতে একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে তীব্র লড়াই দেখা যায়। শুরুতে আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। পরে সেই প্রতিযোগিতায় যোগ দেয় চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।
অভিষিক্ত অলরাউন্ডারদের সেটে গাস আটকিনসন, রাচিন রবীন্দ্র, লিয়াম লিভিংস্টোন ও উইয়ান মোল্ডার অবিক্রিত থেকে যান। অন্যদিকে শ্রীলঙ্কান অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গাকে ২ কোটি রুপিতে দলে নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ৭ কোটি রুপিতে বেঙ্গালুরুর জার্সি গায়ে তুলেছেন ভেঙ্কেটেশ আইয়ার।
অভিষিক্ত উইকেটকিপারদের সেটে কুইন্টন ডি কককে ১ কোটিতে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বেন ডাকেটকে ২ কোটিতে দলে নেয় দিল্লি ক্যাপিটালস এবং একই দামে ফিন অ্যালেনকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। তবে রহমানুল্লাহ গুরবাজ, জনি বেয়ারস্ট্রো ও জেমি স্মিথ নিলামে কোনো দল পাননি।
অভিষিক্ত পেসারদের প্রথম সেটে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন মাথিশা পাথিরানা। তাকে দলে নিতে লক্ষ্ণৌ, দিল্লি ও কলকাতার মধ্যে লড়াই হয়। শেষ পর্যন্ত ১৮ কোটি রুপিতে এই শ্রীলঙ্কান পেসারকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। ২ কোটি রুপির ভিত্তিমূল্যে থাকা জ্যাকব ডাফিকে একই দামে দলে নিয়েছে বেঙ্গালুরু। এনরিখ নরকিয়াকে ২ কোটি রুপিতে দলে নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে ম্যাট হ্যানরি, স্পেন্সার জনসন, আকাশ দীপ, শিভম মাভি, জেরাল্ড কোয়েতজি ও ফজল হক ফারুকি দল পাননি।
অভিষিক্ত স্পিনারদের প্রথম সেটে রাহুল চাহার, মাহিশ থিকশানা ও মুজিব উর রহমান অবিক্রিত থাকেন। তবে রবি বিষ্ণইকে ৭ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় রাজস্থান রয়্যালস। আকিল হোসেনকে ২ কোটিতে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস।
অনভিষিক্ত পেসারদের সেটে বড় চমক দেখান প্রশান্ত বীর ও কার্তিক শর্মা। মাত্র ৩০ লাখ রুপির ভিত্তিমূল্যের এই দুই তরুণ ক্রিকেটার সমান ১৪ কোটি ২০ লাখ রুপিতে দল পান। দুজনকেই দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
অভিষিক্ত ব্যাটারদের দ্বিতীয় সেটে দল পান শ্রীলঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। ৭৫ লাখ রুপির ভিত্তিমূল্যের এই ব্যাটারকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। তাকে পেতে কলকাতাও আগ্রহ দেখিয়েছিল। অন্যদিকে জেসন হোল্ডারকে ৭ কোটি রুপিতে দলে ভেড়ায় গুজরাট।
স্পোর্টস ডেস্ক 








