সংগীতশিল্পী কনার নতুন গান ‘মেহেন্দি’ সম্প্রতি প্রকাশের পর থেকেই শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। সেই আগ্রহে নতুন মাত্রা যোগ করেছে বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির নাচ। গানটির তালে হালকা ও সাবলীল ভঙ্গিতে নাচতে দেখা গেছে নোরাকে, যেখানে তাকে সঙ্গ দিয়েছেন সংগীতশিল্পী সানজয়।
‘মেহেন্দি’ গানে সুর ও সংগীতায়োজন করেছেন সানজয়। কনার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিশ। নোরা ফাতেহির নাচের ভিডিওটি সানজয় তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘ওর হাতে মেহেন্দি।’
পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দৃষ্টি কাড়ে। মাত্র ২০ ঘণ্টার মধ্যে ভিডিওটি ১০ হাজারের বেশি রিঅ্যাকশন পায়। নোরা ফাতেহিও মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান।
ভিডিওটি দেখে দর্শকদের অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মন্তব্যের ঘরে অনেকে লিখেছেন, বাংলা গানে নোরা ফাতেহির নাচ দেখতে পাওয়া সত্যিই আনন্দের। কেউ কেউ একে সংগীত ও নৃত্যের সুন্দর এক মেলবন্ধন বলেও উল্লেখ করেছেন।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘মেহেন্দি’ গানটির ভিডিও ইতোমধ্যে ৪২ লাখের বেশি ভিউ অর্জন করেছে। প্রকাশের পর থেকে গানটি ধারাবাহিকভাবে দর্শক ও শ্রোতাদের মন জয় করে চলেছে।
বিনোদন ডেস্ক 








