জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে না পারা করদাতাদের আবেদন করার সময়সীমা বাড়িয়েছে। এবার ৩১ অক্টোবরের পরিবর্তে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত তারা লিখিতভাবে আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এই তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, যেসব স্বাভাবিক ব্যক্তি করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন বা প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন না, তারা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে লিখিতভাবে আবেদন জমা দিতে পারবেন।
করদাতার আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট অতিরিক্ত কর কমিশনার বা যুগ্ম কর কমিশনার অনুমোদন দিলে, তারা কাগজে-কলমে (পেপার রিটার্ন) আকারে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
এর আগে, এই আবেদনের সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারিত ছিল।
এনবিআর সূত্র জানিয়েছে, চলতি কর বছরে অনলাইনে রিটার্ন দাখিল কার্যক্রমে বিপুল সাড়া পাওয়া গেছে এবং করদাতাদের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে রিটার্ন দাখিলের আগ্রহও বেড়েছে। তবে কিছু করদাতা এখনও ই-রিটার্ন পোর্টালে নিবন্ধন সমস্যা, সার্ভার ত্রুটি ও নেটওয়ার্ক জটিলতার মতো প্রযুক্তিগত সীমাবদ্ধতায় ভুগছেন।
তাদের এই ভোগান্তি বিবেচনায় নিয়েই আবেদন করার সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে এনবিআর।
প্রসঙ্গত, চলতি কর বছর (২০২৪-২৫ অর্থবছর) থেকে সব স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে যেসব করদাতা ই-রিটার্ন সিস্টেমে প্রযুক্তিগত জটিলতায় পড়ছেন, তারা অনুমোদনের ভিত্তিতে কাগজে রিটার্ন জমা দিতে পারবেন।
বর্তমানে রিটার্ন দাখিলের মূল শেষ সময়সীমা ৩০ নভেম্বর, যা আইন অনুযায়ী প্রয়োজনে আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
কর বিশেষজ্ঞদের মতে, সময় বাড়ানোর এ সিদ্ধান্ত প্রযুক্তিগতভাবে সমস্যাগ্রস্ত করদাতাদের জন্য স্বস্তি বয়ে আনবে এবং রাজস্ব প্রশাসনের ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতাকে আরও মজবুত করবে।
মো. লিমন 














