বাংলাদেশের তৈরি পোশাক শিল্প নতুন ইতিহাস গড়েছে। ২০২৫ সালে এক বছরে ৩৬টি কারখানা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সবুজ সনদ (LEED) অর্জন করেছে।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক US Green Building Council (USGBC) এই স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে ২২টি কারখানা পেয়েছে সর্বোচ্চ মর্যাদার লিড প্লাটিনাম সনদ।
২০২২ সালে এই স্বীকৃতি পেয়েছিল ৩০টি কারখানা। এক বছরে ৩৬টি কারখানা সনদ অর্জনের মাধ্যমে বাংলাদেশ পোশাক খাত নতুন মাইলফলক স্থাপন করেছে।
USGBC-এর মানদণ্ড অনুযায়ী, ৮০ বা তার বেশি নম্বর পাওয়া প্রতিষ্ঠানকে লিড প্লাটিনাম, ৬০ থেকে ৭৯ নম্বর পাওয়া প্রতিষ্ঠানকে লিড গোল্ড, ৫০ থেকে ৫৯ নম্বর প্রাপ্ত প্রতিষ্ঠানকে লিড সিলভার এবং ৪০ থেকে ৪৯ নম্বর পাওয়া প্রতিষ্ঠানকে লিড সার্টিফায়েড বলা হয়।
বর্তমানে দেশে মোট ২৬৮টি লিড সার্টিফায়েড কারখানা রয়েছে। এর মধ্যে ১১৪টি প্লাটিনাম, ১৩৫টি গোল্ড, ১৫টি সিলভার এবং ৪টি সার্টিফায়েড।
বিশ্বের শীর্ষ ১০০টি উচ্চ রেটিং পাওয়া লিড সার্টিফায়েড কারখানার মধ্যে ৬৮টি বাংলাদেশের। এই অবস্থান দেশের টেকসই উৎপাদনে নেতৃত্বকে আরও দৃঢ় করেছে।
বিজিএমইএ জানায়, পরিবেশবান্ধব উৎপাদন, শক্তি সাশ্রয়, পানি ব্যবস্থাপনা এবং কার্বন নিঃসরণ কমানোর মাধ্যমে বাংলাদেশের পোশাক কারখানাগুলো ক্রমেই টেকসই শিল্পায়নের দৃষ্টান্ত স্থাপন করছে।
মো. লিমন 














