বরিশালের বিমানবন্দর থানার কাশিপুর ইউনিয়নের কলস গ্রামে এক তরুণীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক রয়েছেন এক টিকটকার নারী সহযোগী।
ভুক্তভোগী নিপী (২৬) জানান, অনলাইনের মাধ্যমে তার পরিচয় হয় ফারুকুল ইসলাম ওরফে অন্তু (৩০)-এর সঙ্গে। একসময় তাদের সম্পর্ক ভেঙে যায়। পরে অন্তু আবার যোগাযোগের চেষ্টা করে এবং টিকটকার মারিয়া আক্তার-এর সহায়তায় নতুনভাবে যোগাযোগ স্থাপন করে।
৪ নভেম্বর অন্তু ও তার বন্ধু হৃদয় মিলে নিপীকে উজিরপুর থেকে অপহরণ করে বরিশালের কাশিপুর ইউনিয়নের কলস গ্রামে নিয়ে যায়। সেখানে তাকে শারীরিক নির্যাতন ও মাদক সেবনে বাধ্য করা হয় এবং পরে ধর্ষণ করা হয়।
৫ নভেম্বর সুযোগ পেয়ে নিপী পালিয়ে গিয়ে বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ মামলাটি (নং: ০১/০৫ নভেম্বর ২৫) রেকর্ড করে তদন্ত শুরু করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগের ভিত্তিতে অন্তু ও হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক টিকটকার মারিয়া আক্তারকে ধরতে অভিযান চলছে।
“অন্তুর আগেও বিয়ে হয়েছিল এবং তার সন্তান রয়েছে। বিচ্ছেদের পর মাদকাসক্ত অন্তুর নিপীর সাথে সম্পর্ক করে এবং গোপন ভিডিও উদ্ধারের লক্ষ্যেই এই পরিকল্পিত অপহরণ ও নির্যাতন করা হয়।”
তবে হৃদয়ের মা জেসমিন বেগম দাবি করেছেন—তার ছেলে নির্দোষ এবং ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগীকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেলে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং আসামিদের ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া চলছে।
ওসি মামুন আরও বলেন,
“অভিযুক্তদের কাউকে প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় ছাড়ানোর সুযোগ দেওয়া হবে না। ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হবে।
মো: সালমান,বরিশাল প্রতিনিধি। 











