রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরে কাকন বাহিনীর বিরুদ্ধে পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যদের যৌথ অভিযান শুরু হয়েছে। রোববার (৯ নভেম্বর) ভোর থেকে এই অভিযান শুরু হয়।
এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’। সকাল ৯টা পর্যন্ত অভিযানে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। পদ্মার চরে কাকন বাহিনীর বিরুদ্ধে গুলি করে মানুষ হত্যা, পদ্মার বালু ও চরের ফসল লুট, মানুষ অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত অভিযানে ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় ২১ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের এই অভিযানে প্রায় ১ হাজার ২০০ সদস্য অংশ নিয়েছেন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর চরে খড় কাটাকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে ৩ জন নিহত হন।
জেলা প্রতিনিধি,জাতীয় অপরাধ প্রতিরোধ। 











