বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এবারের নির্বাচন যদি অতীতের মতো হয়—যেমন ১৪, ১৮ ও ২৪-এর নির্বাচন—তাহলে দেশের মানুষের ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে খুলনার জিরো পয়েন্টে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, “নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হতে হবে। প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ পেয়ে নির্বাচনী কার্যক্রম করতে পারে। অতীতে যারা বিশেষ দলের পক্ষে কাজ করেছেন, তারা পালিয়ে গেছেন; এবার কেউ পালানোর সুযোগ পাবেন না।”
তিনি আরও বলেন, নির্বাচনকে কালো টাকার প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে, যারা অতীতে ঘের দখল ও মন্দির ভাঙার মতো কাজ করেছে, জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে এবং শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের মাধ্যমে দেশের ভবিষ্যত নিশ্চিত করবে।
শুভেচ্ছা বার্তায় মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। ৫৪ বছরের শাসনকালে দেশের সবত্রে দুর্নীতি, লুটপাট এবং মানুষের মৌলিক চাহিদা অমীমাংসিত থেকে গেছে। তাই জনগণ এখন পরিবর্তন চায় এবং সৎ প্রার্থীদের ভোট দিয়ে দেশকে এগিয়ে নেবে।”
শোভাযাত্রা খুলনার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে শেষ হয়। এতে প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল অংশগ্রহণ করে এবং স্থানীয়রা রাস্তার ধারে দাঁড়িয়ে শ্লোগান দিয়ে সমর্থন জানান।
মোটরসাইকেল শোভাযাত্রায় সভাপতিত্ব করেন হরিণটানা থানা আমির জি এম আব্দুল গফুর। এতে আরও বক্তব্য রাখেন খুলনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, জেলা জামায়াতে ইসলামীর কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “নতুন প্রজন্ম দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ইতিবাচক পরিবর্তন এনেছে। আমরা বিশ্বাস করি, জনগণ আগামীর জন্য সৎ ও যোগ্য প্রার্থীর ভোট দিয়ে দেশকে আরও উন্নত ও শান্তিপূর্ণভাবে এগিয়ে নেবে।”
জেলা প্রতিনিধি (খুলনা) 











