থাইল্যান্ডে চলছে ‘মিস ইউনিভার্স–২০২৫’-এর ৭৪তম আসর। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন দেশের মডেল ও অভিনয়শিল্পী তানজিয়া জামান মিথিলা। আগামীকাল জানা যাবে সৌন্দর্য প্রতিযোগিতার এই আসরে কার মাথায় উঠবে মিস ইউনিভার্সের কাঙ্ক্ষিত মুকুট।
প্রতিযোগিতা ঘিরে প্রতিদিনই বিভিন্ন সেশনে অংশ নিচ্ছেন ১২১টি দেশের প্রতিযোগীরা। এরই অংশ হিসেবে বুধবার অনুষ্ঠিত হয় ন্যাশনাল কস্টিউম পর্ব, যেখানে প্রতিযোগীরা নিজেদের দেশ–সংস্কৃতি ও ঐতিহ্যকে পোশাকের মাধ্যমে তুলে ধরেন।
এই পর্বে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মিথিলা বেছে নিয়েছেন সাদা জামদানি শাড়ি—যা বাংলা নারীর শাশ্বত ঐতিহ্য ও রুচির পরিচয় বহন করে। শাড়িটির মোটিফে ফুটে উঠেছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবির ক্যাপশনে তিনি ‘দ্য কুইন অব বেঙ্গল’ শিরোনামে তুলে ধরেছেন পোশাকটির শিল্প ও নান্দনিক বিবরণ।
মিথিলা লিখেছেন, “মিস ইউনিভার্সের মঞ্চে ন্যাশনাল কস্টিউমের জন্য পরছি ঐতিহ্যবাহী অভিজাত জামদানি; এটি বাংলার রাজকীয় ইতিহাসের জীবন্ত ঐতিহ্য।”
অন্যদিকে বুধবার দুপুরে এক ফেসবুক লাইভে মঞ্চে দাঁড়িয়ে দেশের প্রতিনিধিত্ব করার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। মিথিলা বলেন,
“ন্যাশনাল কস্টিউম সবার কাছে কেমন লেগেছে? আশা করি, মনের মতো হয়েছে। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে এই কস্টিউম বেছে নিয়েছি। আমার মনে হয়, বাংলাদেশকে এমনভাবে কেউ তুলে ধরেনি। আমার পারফরম্যান্সও খুব ভালো হয়েছে, সবাই প্রশংসা করেছে।”
স্টেজ থেকে নামার পর আবেগ নিয়ন্ত্রণ করতে কষ্ট হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন,
“নিজের দেশের নাম ও পরিচয় নিয়ে বিশ্বমঞ্চে দাঁড়ানো—এটা অনুভূতির জায়গা থেকে খুব বড় শক্তি ও সাহসের। সেই মুহূর্ত বোঝানো সম্ভব নয়।”
আগামীকাল ঘোষণা করা হবে, মিস ইউনিভার্স–২০২৫-এর মুকুট কার মাথায় উঠছে। বাংলাদেশের সমর্থকরা অপেক্ষায় আছেন, বিশ্বমঞ্চে নতুন ইতিহাস রচনার প্রত্যাশা নিয়ে।
বিনোদন ডেস্ক 














