ঢাকায় সোমবার বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং জাপান টেক্সটাইল ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (জেটিআইএ)-এর প্রতিনিধিদলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের পোশাক শিল্পের সম্প্রসারণ, উচ্চমূল্যের পোশাক রপ্তানি ও দুই দেশের বাণিজ্য বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খান নেতৃত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান (বাবলু), সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম, পরিচালক নাফিস-উদ-দৌলা, পরিচালক সুমাইয়া ইসলাম, পরিচালক ফাহিমা আক্তার, পরিচালক জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, পরিচালক রুমানা রশীদ এবং পরিচালক মোহাম্মদ সোহেল।
জেটিআইএ প্রতিনিধিদলে ছিলেন এমএন ইন্টার-ফ্যাশন লিমিটেডের তোশিনা কাওয়াই, কোওয়া কোম্পানি লিমিটেডের ইসেই নোজাওয়া, তোয়োশিমা অ্যান্ড কোং লিমিটেডের জেনারেল ম্যানেজার শিঙ্গো ইগামী, জেটিআইএ-এর ম্যানেজিং ডিরেক্টর নোরিহিরো কোমিয়া এবং এআইটি কর্পোরেশনের মিনামি কোজিরো।
বৈঠকে বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান প্রবৃদ্ধি, সামাজিক ও পরিবেশগত কমপ্লায়েন্স, শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার প্রচেষ্টা জাপানি প্রতিনিধিদলের পক্ষ থেকে প্রশংসিত হয়। তারা জানান, উচ্চমানের পণ্য উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় জাপানের ক্রেতারা এখন উচ্চমূল্যের এবং ফ্যাশনেবল পণ্যের জন্য বাংলাদেশকে আস্থা দিয়ে সোর্সিং করছে।
বৈঠকে উভয় পক্ষ সাপ্লাই চেইন আরও মসৃণ ও দ্রুত করার উপায়গুলো গুরুত্বসহকারে আলোচনা করেন। জাপানি প্রতিনিধিদল জানান, তারা সংক্ষিপ্ত লিড টাইমের মধ্যে পণ্য আমদানি করতে আগ্রহী, এবং এজন্য বাংলাদেশের কাস্টমস প্রক্রিয়া সহজীকরণ ও চট্টগ্রাম বন্দরের পরিচালন দক্ষতা বৃদ্ধির পরামর্শ দেন।
বিজিএমইএ নেতারা জাপানে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য সহযোগিতা কামনা করেন। জাপানি প্রতিনিধিদল বিষয়টি জাপান সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে শিগগিরই আলোচনা করবেন বলে জানান।
বৈঠকে মার্কিন শুল্ক, এলডিসি গ্র্যাজুয়েশন প্রভাব এবং বাংলাদেশের পোশাক শিল্পের অন্যান্য বিষয়েও আলোচনা হয়। মাহমুদ হাসান খান বলেন, ২০২৬ সালের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত বাজার সুবিধা নিশ্চিত করার জন্য জাপান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হবে।
উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার এবং জাপানে বাংলাদেশের পোশাক রপ্তানি বৃদ্ধি করার জন্য একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
সূত্র: বাসস
ডেস্ক রিপোর্ট 














