ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে এক মৃত তরুণীকে ধর্ষণের অভিযোগে এক লাশবাহককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তি মো. আবু সাঈদ (১৯), হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে। তিনি হালুয়াঘাট থানা পুলিশের লাশবাহক হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, গত সোমবার দুপুরে মর্গে ধর্ষণের ঘটনাটি ঘটে। পরে বুধবার (২২ অক্টোবর) আদালতের মাধ্যমে আবু সাঈদকে কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, গত ১৯ অক্টোবর হালুয়াঘাট উপজেলার এক তরুণী আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠায়। সেখানে লাশ বহনের দায়িত্বে ছিলেন আবু সাঈদ। ময়নাতদন্তকারী চিকিৎসক লাশে পুরুষের শুক্রাণুর উপস্থিতি দেখতে পান এবং বিষয়টি থানায় জানান।
তদন্তে নেমে পুলিশ গোপন সূত্রে তথ্য পেয়ে মঙ্গলবার আবু সাঈদকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি মৃত তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, হালুয়াঘাট থানার উপপরিদর্শক জামাল মিয়া বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জাতীয় অপরাধ প্রতিরোধ প্রতিবেদক 












