তানজিয়া জামান মিথিলা এ বছর ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। থাইল্যান্ডে অনুষ্ঠিত এবারের আয়োজনের শুরু থেকেই তিনি শুধু সৌন্দর্য নয়, আত্মবিশ্বাস ও পারফরম্যান্সে নজর কাড়ছেন আন্তর্জাতিক অঙ্গনে। ১২১ দেশের প্রতিযোগীদের মধ্যে তার অবস্থান ইতোমধ্যেই আলোচনায় এসেছে। পিপলস চয়েস ভোটে কখনো প্রথম, কখনো দ্বিতীয় অবস্থানে থাকায় প্রতিযোগিতা ঘিরে দেশজুড়ে উত্তেজনা আরও বেড়েছে।
ভোট প্রতিযোগিতা যখন তীব্র আকার ধারণ করেছে, ঠিক তখনই থাইল্যান্ড থেকে একটি ভিডিওবার্তা পাঠান মিথিলা। তিনি বলেন, কেউ যেন ভোট দেওয়া বন্ধ না করেন। বাংলাদেশ এখনো লড়ছে এবং তিনি মিস ইউনিভার্সের মঞ্চে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন। তার ভাষায়, এখন প্রয়োজন দেশের মানুষের আরেকটি ‘মিরাকল’, আর সেটিই হলো ভোট।
শনিবার সন্ধ্যায় আরেকটি পোস্টে মিথিলা পুনরায় ভোটের আহ্বান জানান। তিনি অনুরোধ করে বলেন, ১৯ নভেম্বর পর্যন্ত সবাই যেন বাংলাদেশকে ভোট দেন, কারণ এটাই দেশের সবচেয়ে বড় শক্তি। এর আগের এক পোস্টে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বারবার দুই নম্বরে চলে আসছে, আর পেজেন্ট পাওয়ারহাউজ দেশগুলো কৌশলে ভোট বাড়িয়ে নিচ্ছে। যদিও বাংলাদেশ সেই সারির দেশ নয়, তবে দেশের মানুষের সংখ্যা ও দেশপ্রেমই প্রকৃত শক্তি—এ কথা উল্লেখ করে তিনি ভোটিং ডেডলাইন পর্যন্ত সবাইকে ভোট দিতে অনুরোধ জানান।
মিথিলার আহ্বানে সাড়া দিয়ে দেশের শোবিজ অঙ্গনের বহু শিল্পী সামাজিক যোগাযোগমাধ্যমে ভোট চেয়ে পোস্ট দিচ্ছেন। এ তালিকায় রয়েছেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল পিয়া, ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ আরও অনেকে।
বিনোদন ডেস্ক 














