ঢাকার একটি আদালত মডেল ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পারিবারিক ব্যবসায় পার্টনার করার কথা বলে ২৭ লাখ টাকা আত্মসাৎ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগে আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি এ মামলা করেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার নির্ধারিত তারিখে আসামিরা উপস্থিত না হওয়ায় গত ১০ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়কে কাজে লাগিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবীন তাকে নতুন পারিবারিক ব্যবসার অংশীদার করার আশ্বাস দেন। এ প্রতিশ্রুতির ভিত্তিতে বিভিন্ন সময়ে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন অভিনেত্রী ও তার ভাই। কিন্তু তারা কোনো ব্যবসায়িক কার্যক্রম শুরু করেননি। পাওনা টাকা চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়।
অভিযোগে আরও উল্লেখ রয়েছে, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি টাকা ফেরত চাইতে গেলে বাদীকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশের একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়। সেদিন সেখানে গেলে মেহজাবীন, তার ভাই এবং আরও কয়েকজন বাদীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। পরে হুমকি দিয়ে বলা হয়, টাকা চাইতে বা বাসার সামনে দেখা গেলে প্রাণে মেরে ফেলা হবে। এতে বাদী আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।
ঘটনার পর বাদী ভাটারা থানায় গেলে থানার পক্ষ থেকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।
প্রতিবেদনে উল্লিখিত ঘটনার বিষয়ে মেহজাবীন বা তার ভাইয়ের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
বিনোদন ডেস্ক 














