গত বছর ‘পুষ্পা ২’ সিনেমা দিয়ে সাফল্যের শীর্ষে পৌঁছেছিলেন রাশমিকা মান্দানা। চলতি বছরেও তিনি সেই ধারাবাহিকতায় কাজ করেছেন। ২০২৫ সালে রাশমিকার পাঁচটি সিনেমা মুক্তি পেয়ে দর্শক এবং বক্স অফিস উভয় ক্ষেত্রেই সাড়া ফেলেছে।
চলতি বছরের শুরুতে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় লক্ষ্মণ উতেকরের ‘ছাবা’। রাশমিকা মান্দানা এখানে জুটি বেঁধেছেন ভিকি কৌশলের সঙ্গে। ঐতিহাসিক অ্যাকশন সিনেমাটি মুক্তির পরই বক্স অফিসে ঝড় তোলে এবং এ পর্যন্ত আয় করেছে ৮০০ কোটি রুপি।
এরপর ৩০ মার্চ মুক্তি পায় ‘সিকান্দার’। এই সিনেমায় রাশমিকা প্রথমবারের মতো জুটি হন সালমান খানের সঙ্গে। যদিও ছবি বক্স অফিসে বড় সাড়া ফেলতে পারেনি, তবুও আয় করেছে ১৭৬ কোটি রুপি।
২০ জুন মুক্তি পায় ‘কুবেরা’, যেখানে রাশমিকাকে দেখা যায় প্রধান চরিত্রে। তামিল ও তেলেগু সিনেমা হিসেবে এটি মোটামুটি ব্যবসা করেছে এবং আয় করেছে ১১৫ কোটি রুপি।
২১ অক্টোবর দেওয়ালির সময় মুক্তি পায় ‘থামা’। ম্যাডক ফিল্মসের হরর–কমেডি ইউনিভার্সে রাশমিকার জুটি ছিলেন আয়ুষ্মান খুরানার সঙ্গে। সিনেমাটি বক্স অফিসে ১৬৮ কোটি রুপি আয় করেছে।
সবশেষ ৭ নভেম্বর মুক্তি পায় রাহুল রবিন্দ্রনের তামিল সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’। রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমাটি মুক্তির এক সপ্তাহেই আয় করেছে প্রায় ৫০ কোটি রুপি।
সব মিলিয়ে চলতি বছরে রাশমিকা অভিনীত পাঁচটি সিনেমা বক্স অফিস থেকে ১,৩০০ কোটি রুপি ছাড়িয়ে আয় করেছে। এই অর্জনের দিক থেকে চলতি বছরে রাশমিকাকে ভারতীয় সিনেমার নায়িকাদের মধ্যে কেউ ছাড়িয়ে যেতে পারেনি।
রাশমিকার জনপ্রিয়তার কারণ হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য, তিনি সব ধরনের চরিত্রে মানিয়ে নিতে পারার ক্ষমতা রাখেন। ২০১৬ সালে কন্নড় সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়, এরপর তেলেগু সিনেমায় নিয়মিত অভিনয় শুরু করেন। ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমা দিয়ে রাশমিকার ক্যারিয়ারে নতুন গতি আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির সংলাপ ও দৃশ্য নিয়ে মিম তৈরির মাধ্যমে তরুণ দর্শকের কাছে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়।
রাশমিকার জীবন আরও বদলে যায় ২০২১ সালে ‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়ে। পরের বছর ‘পুষ্পা ২’-তে তিনি ‘শ্রীভাল্লি’ চরিত্রে অভিনয় করেন, যা তার জনপ্রিয়তা আরও বৃদ্ধি করে।
২০২৫ সালে আর কোনো সিনেমা মুক্তি পাচ্ছেন না। তবে আগামী বছর রাশমিকাকে ‘ককটেল ২’ ও ‘মাইসা’ সিনেমায় দেখা যাবে।
রাশমিকা মান্দানা এই বছর ভারতীয় সিনেমায় বক্স অফিসের শীর্ষে; চরিত্রের বৈচিত্র্য, বাণিজ্যিক ও শৈল্পিক সিনেমার মধ্যে সমন্বয় এবং প্রযোজক-পরিচালকদের চাহিদা তাঁকে প্রভাবশালী করেছে।
বিনোদন ডেস্ক 














