চিত্রনায়িকা পরীমনির জন্মদিন আজ। ঢালিউডে আসার পর থেকে তিনি প্রতি বছরই এই দিনটি জাঁকজমকভাবে উদযাপন করতেন। তবে গত তিন বছর ধরে কোনো আনুষ্ঠানিক আয়োজন করেননি পরীমনি; একেবারেই ঘরোয়া পরিবেশে কেটেছে তার জন্মদিন।
তবে এবার একটু ভিন্নতা দেখা গেছে। জন্মদিনের চার দিন আগেই কেক কেটে উদযাপন করেছেন তিনি। আর জন্মদিনের দিন, ২৪ অক্টোবর, নিজের ফেসবুক পেজে নিজেকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।
ফেসবুকে দেওয়া পোস্টে পরীমনি লিখেছেন—
“এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ আর ভালোবাসা—সব মিলেই আজকের এই জীবন।”
পোস্টের শেষে নিজেকেই শুভ জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।
এর আগে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্তদের মনে করিয়ে দেন তার জন্মদিনের কথা। এ বছর দেশে না থাকায় আগেভাগেই জন্মদিন পালন করেছেন পরীমনি। সেই সময় তার পাশে ছিলেন অর্ক নামে এক তরুণ, যাকে নিয়ে সামাজিকমাধ্যমে কৌতূহল তৈরি হয়।
অনেকে জানতে চান, অর্ক কে? সম্পর্কটা কী? পরে পরীমনি নিজেই আরেকটি পোস্টে বিষয়টি স্পষ্ট করেন। সেখানে তিনি লেখেন, অর্ক একজন মেকআপ আর্টিস্ট, যার সঙ্গে তার পরিচয় কাজের মাধ্যমে। ঢাকায় একাই থাকেন অর্ক, আর পরীমনির বাসাও একই এলাকায়। দুজনের মধ্যে মাঝে মাঝে খাবার আদান-প্রদান হয়, আর সেই সূত্রেই ঘনিষ্ঠতা বেড়েছে। পরীমনির ভাষায়, অর্ক এখন তার কাছে বেশ আহ্লাদি হয়ে গেছে।
অর্কের একটি ছোট আবদারে তার বাসায় গিয়েছিলেন পরীমনি, আর সেখানেই জন্মদিনের প্রথম কেক কাটা হয়। পোস্টে অর্ককে ভাই সম্বোধন করে ধন্যবাদ জানিয়ে পরীমনি লেখেন, “এটাই এবারের জন্মদিনের প্রথম উদযাপন।”
২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন পরীমনি। সর্বশেষ তিনি অভিনয় করেছেন অনম বিশ্বাস পরিচালিত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার নতুন চলচ্চিত্র ‘ডোডোর গল্প’।
মো. লিমন 














