দিনেশ কার্তিকের নেতৃত্বে ভারত, আব্বাস আফ্রিদির নেতৃত্বে পাকিস্তান
এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল—ভারত ও পাকিস্তান। দুই দলের ক্রিকেট মানেই বাড়তি উত্তেজনা, বৈরিতা আর ভক্তদের আবেগে টগবগে পরিবেশ। মাঠে যেমন প্রতিদ্বন্দ্বিতা, তেমনি মাঠের বাইরেও দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের প্রভাব পড়ে ক্রিকেটেও।
রাজনৈতিক অস্থিরতা ও সীমান্ত সমস্যার কারণে অনেক বছর ধরেই দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না। ফলে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা করতে হয় আইসিসি কিংবা এশিয়া কাপের মতো বহুপাক্ষিক টুর্নামেন্ট পর্যন্ত।
তবে এবার জাতীয় দলের বাইরে, ভিন্ন রূপে দেখা মিলবে দুই দলের। হংকং সিক্সেস টুর্নামেন্টে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। ৫ ওভারের এই সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট উৎসব বসবে আগামী ৭ নভেম্বর, হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে।
মোট ১২ দল অংশ নিচ্ছে এবারের টুর্নামেন্টে। প্রতিটি দলে থাকবেন ছয়জন করে ক্রিকেটার। ইতোমধ্যে দল ঘোষণা করেছে পাকিস্তান—অধিনায়ক করা হয়েছে তরুণ তারকা আব্বাস আফ্রিদিকে। ভারতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ক্রিকেটার দিনেশ কার্তিক।
কার্তিক বলেন,
“ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া আমার জন্য বড় সম্মানের। হংকং সিক্সেস এমন এক টুর্নামেন্ট, যার ইতিহাস ও মর্যাদা দুই-ই অসাধারণ। আমরা এমন ক্রিকেট খেলতে চাই, যা দর্শকদের আনন্দ দেবে—উদ্যমী, দুঃসাহসী ও উপভোগ্য ক্রিকেট।”
টুর্নামেন্টের গ্রুপসমূহ
পুল এ: আফগানিস্তান, নেপাল, দক্ষিণ আফ্রিকা
পুল বি: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত
পুল সি: ভারত, পাকিস্তান, কুয়েত
পুল ডি: বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা
বাংলাদেশও খেলবে এবারের আসরে, ফলে ক্রিকেটপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে এক উৎসবমুখর প্রতিযোগিতা। পাঁচ ওভারের এই ক্ষুদে ফরম্যাটে প্রতি বলেই থাকবে রোমাঞ্চ, আর ভারত–পাকিস্তান লড়াই।
রবিউল ইসলাম 














