বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা কাবাডি দল তৃতীয় এশিয়ান যুব গেমসে ব্রোঞ্জ পদক অর্জনের পর আজ দেশে ফিরছে। বাহরাইনের মানামা থেকে শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলটি অবতরণের কথা রয়েছে।
এশিয়ান যুব গেমসে এবারই প্রথম বাংলাদেশ কাবাডি দল অংশ নিয়েছে, আর প্রথম অংশগ্রহণেই সাফল্য এসেছে। উভয় দলই ব্রোঞ্জ পদক জয় করে দেশের ক্রীড়া ইতিহাসে নতুন অধ্যায় সংযোজন করেছে। গতকাল রাতে বিজয়ী খেলোয়াড়দের হাতে পদক তুলে দেওয়া হয়।
আগের দুই আসরে পদক না পাওয়ার হতাশা এবার ঘুচেছে। বালিকা দল শ্রীলঙ্কাকে হারিয়ে গেমসের ইতিহাসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করেছে। মেয়েদের বিভাগে অংশ নেয় বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
বালক দলও মাইলফলক গড়ে। সাতটি দেশের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে। প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে হারের পর দলের আত্মবিশ্বাস কমেনি; দ্বিতীয় ম্যাচে ইরানকে হারিয়ে তারা ফিরে এসেছে শক্তিশালীভাবে। এরপর শ্রীলঙ্কাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় নিশ্চিত হয়। যদিও থাইল্যান্ডের কাছে হেরে ফাইনালের সুযোগ হাতছাড়া হয়, তবে শেষ দুই ম্যাচে পাকিস্তান ও স্বাগতিক বাহরাইনকে পরাজিত করে দেশের জন্য ব্রোঞ্জ পদক নিশ্চিত করে এই তরুণরা।
তরুণ কাবাডি দল দেশের ক্রীড়া মহলে আনন্দ ও গৌরবের নতুন অধ্যায় তৈরি করেছে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের প্রত্যাশা জাগিয়েছে।
স্পোর্টস ডেস্ক 














