মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, মিশর (ইত্তিহাদ)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) কায়রোর নসর সিটিতে অবস্থিত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে কুল্লিয়াতুত তারবিয়া কনফারেন্স হলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়। এতে আল-আজহার বিশ্ববিদ্যালয়সহ মিশরের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুধু বাংলাদেশি শিক্ষার্থীই নন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, নেপাল, কম্বোডিয়াসহ মোট ১২টি দেশের ছাত্রসংসদের প্রতিনিধিরাও যোগ দেন। এতে ইত্তিহাদের সাবেক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। শপথ পাঠ করান আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসাইন আজহারী। তিনি নতুন নেতৃত্বকে দায়িত্বশীলভাবে সংগঠন পরিচালনার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের জন্য দোয়া করেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা করতালির মধ্য দিয়ে নতুন কমিটিকে অভিনন্দন জানান।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুমানুল কারিম, সহসভাপতি দেলোয়ার মাহমুদ খান মিল্কী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবছার উদ্দীন নাঈমী। নতুন কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।
২০০৫ সালে প্রতিষ্ঠিত ‘ইত্তিহাদ’ মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ঐক্য, কল্যাণ, শান্তি ও শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে কাজ করছে। বর্তমানে আল-আজহার বিশ্ববিদ্যালয়সহ মিশরের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তিন হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন, যাদের বড় একটি অংশ সরাসরি ইত্তিহাদের সঙ্গে যুক্ত। সংগঠনটি কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে এবং শিক্ষার্থীদের প্রশাসনিক, আইনি, একাডেমিক ও নানাবিধ সহায়তা দিয়ে থাকে। পাশাপাশি তারা নিয়মিত শিক্ষা বিষয়ক কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, রমজানে ইফতার মাহফিল, ঈদ পুনর্মিলনীসহ নানা সামাজিক ও ধর্মীয় কার্যক্রম আয়োজন করে।
বাংলাদেশি শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই আল-আজহার বিশ্ববিদ্যালয়ে মেধা ও সাফল্যের পরিচয় রেখে আসছে। বিশ্বের প্রায় ১৪৭টি দেশের শিক্ষার্থীদের মধ্যে বারবার সেরা ফলাফল অর্জন করে বাংলাদেশি শিক্ষার্থীরা দেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে সম্মান বয়ে এনেছে। গত বছর ডি-এইট সম্মেলনে অংশ নিতে কায়রো সফরকালে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস মিশরের সরকারি মহলে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রশংসা শুনেছেন। তাঁর ঐতিহাসিক আল-আজহার বিশ্ববিদ্যালয় সফরের সময় ইত্তিহাদ সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শিক্ষার্থীদের প্রত্যাশা—নতুন নেতৃত্বও আগের মতো ঐক্য, আস্থা ও সেবার ধারাবাহিকতা বজায় রেখে আগামীতেও সংগঠনকে আরও গতিশীল করবে। অনুষ্ঠানে উপস্থিত এক শিক্ষার্থী বলেন, “ইত্তিহাদ শুধু একটি সংগঠন নয়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এটি ভরসার জায়গা। আমরা চাই নতুন কমিটি আমাদের সেই আস্থা আরও শক্তিশালী করুক।”
অনুষ্ঠানস্থলে যেন একটাই উচ্চারণে প্রতিধ্বনিত হচ্ছিল—“আমরা বাংলাদেশি, আমরা ঐক্যবদ্ধ।”
ডেস্ক রিপোর্ট 












