লিবিয়া উপকূলে অভিবাসী বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় লিবিয়ান রেড ক্রিসেন্ট সংস্থা বিষয়টি নিশ্চিত করে।
রোববার (১৬ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ডুবে যাওয়া প্রথম নৌকাটিতে বাংলাদেশি ২৬ অভিবাসী ছিলেন। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
লিবিয়ান রেড ক্রিসেন্ট জানায়, দ্বিতীয় নৌকাটিতে ৬৯ জন অভিবাসী ছিলেন। তাদের মধ্যে মিশরীয়, সুদানীসহ বিভিন্ন দেশের নাগরিক ছিলেন। ওই নৌকায় আটটি শিশু ছিল বলেও জানানো হয়। তবে তারা বেঁচে আছে কি না—সেটি নিশ্চিত করা সম্ভব হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১১৮ কিলোমিটার পূর্বে আল-খুমস উপকূলের কাছে এই দুর্ঘটনা দুটি ঘটে। ঘটনার পর লিবিয়ান কোস্টগার্ড ও আল-খুমস বন্দর নিরাপত্তা সংস্থা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। স্থানীয় প্রসিকিউশনের নির্দেশে উদ্ধার করা মরদেহগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছিল, লিবিয়ার উত্তর-উত্তর-পশ্চিম উপকূলে আল বুরি তেলক্ষেত্রের কাছে আরেকটি নৌকা ডুবে ৪২ জন নিখোঁজ হন। তাদের সবাই মারা গেছেন বলে আশঙ্কা করা হয়।
চলতি বছরের আগেও একাধিক নৌকাডুবিতে বহু প্রাণহানির ঘটনা ঘটে। গত অক্টোবরের মাঝামাঝি ত্রিপোলির পশ্চিম উপকূলে ৬১ জন অভিবাসীর মরদেহ উদ্ধার হয়। সেপ্টেম্বরে আইওএম জানায়, সুদানী শরণার্থী বহনকারী ৭৫ জনের একটি নৌকায় আগুন লাগার ঘটনায় অন্তত ৫০ জন মারা যান।
ডেস্ক রিপোর্ট 












